‌‌'আইন প্রয়োগকারী সংস্থা ও জনগণকে এক হতে হবে'

আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, আমাদের রাষ্ট্র নিরাপদ করতে হবে। নিরাপদ সমাজ গঠনে কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করতে হবে। শৃঙ্খলাই কমিউনিটি পুলিশের প্রধান বৈশিষ্ট্য। আমরা শুধু অধিকার ভোগ করতে চাইবো, আর দায়িত্ব পালন করবো না তা হবেনা। সেরকম হলে সমাজকে সুন্দর ও সুস্থ করা সম্ভব নয়।
 
তিনি বলেন, কমিউনিটি পুলিশের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাই। যখন জনগণ এবং আইন প্রয়োগকারী সংস্থার শক্তি এক হবে তখন সমাজে কোন অপরাধীই কোন কিছু করতে পারবে না। উভয় শক্তি এক সঙ্গে কাজ করলে কোন অপশক্তিই সমাজে বিস্তার লাভ করতে পারবেনা।
 
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
 
তিনি আরও বলেন, যাচাই বাছাই করে কমিউনিটি পুলিশের সদস্য নিতে হবে। কমিটিও করতে হবে। পুলিশ জনগণেরই অংশ। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক না থাকলে জনগণ কি চায় তা অনুধাবন করা সম্ভব নয়। পুলিশকে সহায়তা করতে হবে। তাহলেই জনগণ কি চায়, তার প্রত্যাশা কি, তা বোঝা সম্ভব হবে। যেখানে অবিশ্বাস থাকে সেখানে সেতুবন্ধন হয়না। বিশ্বাস থাকতে হবে। 
 
তিনি বলেন, আমাদের দেশে সব থানায়ই দালাল থাকে। দালাল থাকলে জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। মানুষ থানায় আসতে ভয় পায়। কমিউনিটি পুলিশ যদি সবসময় যোগাযোগ রাখে তাহলে থানা থেকে দালাল পালিয়ে যাবে। দালাল তাড়ানোর দায়িত্ব কমিউনিটি পুলিশের। কমিউনিটি পুলিশ তৎপর থাকলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিয়ে, গ্রাম্য দাঙ্গা রোধ করা সম্ভব। কমিউনিটি পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে ও নিরপেক্ষ থেকে দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন ধরনের অপরাধ নিস্পত্তির চেষ্টা করবেন। তারা কখনও বিচার করার চেষ্টা করবেন না।
 
তিনি আরও বলেন, সুস্থ-সুন্দর সমাজ গঠনের প্রধান প্রতিবন্ধকতা বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ। আর এ সামাজিক অপরাধের পরিবেশে বসবাস করে আত্মতৃপ্তি পাওয়া যায় না। এসব সামাজিক ব্যাধি দূর করতে সমাজের লোকদের সম্পৃক্ত করতে হবে। আর এ ধারণা থেকেই কমিউনিটি পুলিশের সৃষ্টি। 
 
তিনি বলেন, আমরা সবাই চাই জীবনের নিরাপত্তা। প্রত্যেক ধর্মে সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ আছে। তাই এ দায়বদ্ধতা থেকে অধিকতর নিরাপদ সমাজ তৈরিতে সকলকেই প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করতে হবে।
 
অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল খয়ের। এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেট বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পিপিএম মিজানুর রহমান, সিলেটের পুলিশ কমিশনার কামরুল হাসান, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
 
সমাবেশে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কমিউনিটি পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হন। এর আগে আইজিপি বাহুবল উপজেলার পুটিজুরিতে নতুন স্থাপিত পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।