নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাগরিবের নামাজ আদায়কালে সেজদারত অবস্থায় এক খাদেমকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত হাসনাইন (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলায় অবস্থানরত ‘হাতিখানা স্মরণীয় কারবালার’ খাদেম হাসনাইন (৬০) ওই দরগায় মাগরিবের নামাজ আদায় করছিলেন। এ সময় পেছন থেকে দুষ্কৃতিকারীরা তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী ও দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশংকাজনক।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা এই হামলা চালিয়েছে তা বলা যাচ্ছে না। তবে গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত চলছে।’