পাবনায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে সুধাংশু বসাক (৪০) নামের এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে শহরের রাধানগর মহল্লার রথঘর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সুধাংশু ওই এলাকার নিমাই বসাকের ছেলে। এই নিয়ে এক সপ্তাহের ব্যবধানে মধ্য শহরে আরেক হিন্দু ব্যবসায়ী নিহত হলেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান হত্যার তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ হত্যার কারণ খতিয়ে দেখছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ছয়টা) থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সুধাংশু বসাক ব্যবসার কাজ শেষে দুপুরে বাড়িতে খেতে যান। এ সময় কতিপয় যুবক তার বাড়িতে ঢুকে পরিবারের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নির্বিঘ্নে চলে যায়। উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে মধ্য শহরে আরেক হিন্দু ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। সেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করা হয়।