রাজধানীতে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ

রাজধানীর ওয়ারী এলাকায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- আলমগীর হোসেন (৬০), তার স্ত্রী হোসনে আরা (৫০) ও মেয়ে শরিমিন আক্তার (২২)। 
 
স্বজনরা জানান, খাবার গরম করতে রান্না ঘরে যান বাড়ির গৃহিণী। এসময় দিয়াশলাই এর কাঠি জ্বালানো মাত্রই পুরো রান্নাঘরে আগুন ধরে যায়। আহতের চিৎকার শুনে পরিবারের কর্তা ও তার মেয়ে ছুটে রান্নাঘরের কাছে এলে তারাও দগ্ধ হন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করায়। রান্নাঘরের গ্যাস লাইনে ছিদ্র থাকার কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে আহতদের স্বজনরা। 
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন।