মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় নাসির টোব্যাকোর বিক্রয় প্রতিনিধি ঝন্টু মিয়া (৩৫) নিহত হয়েছেন। নিহত ঝন্টু মিয়া কুষ্টিয়ার জেলার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের শাহেব আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তার অপর সঙ্গী মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের আজিজুল হকের ছেলে কলেজ ছাত্র রাজু (২২)। শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুিরয়া চোখ তোলা মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
ফেলুজান নেছা নামের স্থানীয় এক নারী জানান, সকালের দিকে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেয়ে রাস্তার দুই পাশে দুইজন পড়ে যায়। তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাসির টোব্যাকোর স্থানীয় অফিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নিহত ঝন্টু মিয়া এ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত রয়েছেন। শুক্রবার ছুটি কাটিয়ে তিনি অফিসে যোগদান করার উদ্দেশ্যে আসছিলেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম কে রেজা জানান, হাসপাতালে নিয়ে এসে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝন্টু মিয়া। এছাড়া অপর জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, নিহত ঝন্টু মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।