চট্টগ্রামে নারীসহ পাঁচ প্রতারক গ্রেফতার

চট্টগ্রাম অফিস

প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর নগরীর পাঁচলাইশ, হালিশহর ও বায়েজিদ বোস্তামি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে দিদারুল ইসলাম প্রকাশ দিদার (৩৫), ফাতেমা ইয়াছমিন নিশি (২৮), বিথিত মাহমুদ মোস্তাফ সিফা (২৩), আনোয়ার হোসেন আনু (৪৪) ও রাকিব আল ইমরান (২৬)।

গ্রেফতারকৃতদের সম্পর্কে গতকাল শনিবার সিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপি’র উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন যাবত্ একটি চক্র নারীদের দিয়ে ফাঁদ পেতে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছিল। তাদের কৌশল ছিল নারীদের দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও বিত্তশালী ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলা। পরে বাসায় ডেকে নিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া। এ চক্রের ফাঁদে পা দিয়ে কমপক্ষে ৪০/৫০ ব্যক্তির বিপুল অর্থ হারিয়েছেন।