চট্টগ্রাম অফিস
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড চট্টগ্রাম আঞ্চলিক উত্সব চট্টগ্রামে উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এই অলিম্পিয়াড বাংলাদেশে এই নিয়ে পঞ্চম বারের মত এবং চট্টগ্রামে তৃতীয় বারের মত অনুষ্ঠিত হল। বাংলাদেশের জাতীয় পতাকা, আন্তর্জাতিক ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে গত শুক্রবার সকালে এই আঞ্চলিক আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত দাশ। চট্টগ্রাম বিভাগের ১১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুনিয়র (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী), মাধ্যমিক (৯-১০ম শ্রেণী) এবং উচ্চ মাধ্যমিক (১১-১২শ শ্রেণী) পর্যায়ে ১৫৪৯ জন শিক্ষার্থীর এতে অংশ নেয় এই আঞ্চলিক অলিম্পিয়াডে ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়া। সঞ্চালক ছিলেন আঞ্চলিক কমিটির অর্থ-সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক সাহেদ মাহমুদ এবং সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিটির সভাপতি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজির প্রফেসর ড. মোহাম্মদ আল্?-ফোরকান।
অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলে সর্বপ্রথম নারী হিসেবে পিএইচডি অর্জনকারী প্রফেসর ড. জয়নব বেগমকে সংবর্ধিত করা হয়। প্রতিযোগিতায় জুনিয়র সেকশন থেকে ৮৫ জন, মাধ্যমিক সেকশন থেকে ৮৪ জন এবং উচ্চ মাধ্যমিক সেকশন থেকে ৭৮ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা ঢাকায় আগামী ২২ মার্চ জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।