সোনারগাঁওয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফিরোজা (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউছুফগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
জানা গেছে, মৃত সোনামিয়ার স্ত্রী ফিরোজাকে শুক্রবার ভোররাতে তার থাকার ঘরে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহত ফিরোজা তার প্রবাসী ছোট ছেলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস সুপ্তির সাথে থাকতেন। সুপ্তি এইচএসসি পরীক্ষার কারণে গত বৃহস্পতিবার বিকেলে ফুতুল্লা থানার ভোলাইল বাপের বাড়ি চলে যায়। শুক্রবার সকালে সুপ্তির বাবা ও চাচা তার বিয়াইনকে দেখতে আসে। অনেকক্ষণ ডাকাডাকির পর বাড়ির গেট না খোলায় ওয়াল টপকিয়ে ভেতরে গিয়ে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে নিহতের স্বজনদের খবর দেয়।
 

সোনারগাঁও থানার ওসি হারুনুর রশিদ জানান, পরিকল্পিতভাবে বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহূত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।