ফ্রান্স-জার্মানি ম্যাচেও সন্ত্রাসের আঘাত

প্রীতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর পরে প্যারিসের স্টাডে ডি ফ্রান্সের সামনে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর সামনে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
বিস্ফোরণের পরে সমর্থকরা স্টেডিয়ামের প্যাভিলিয়ন ছেড়ে মাঠে নেমে আসেন। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। তবে তিনি নিরাপদেই স্টেডিয়াম ত্যাগ করতে পারেন। এই সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিতব্য গ্লাসগো ওয়ারিয়র্স ও রেসিং ৯২ এর ম্যাচ স্থগিত করা হয়েছে।  ফ্রান্স পুলিশের গ্রেগরি গোপিল বিবিসিকে বলেন, স্টাডে ডি ফ্রান্সের সামনে হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। 
 
IMG0
এর আগে ঘরের মাঠে জার্মানদের বিপক্ষে দুই অর্ধে একটি করে গোল করেন অলিভিয়ে জিরুদ ও আন্দ্রে-পিয়েরে। প্যারিসে প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি মার্শালের বাড়ানো বলে কাছ থেকে লক্ষ্যভেদ করে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা আর্সেনালের ফরোয়ার্ড জিরুদ। আর ৮৬তম মিনিটে হেডে জয় নিশ্চিত করা গোলটি করেন আন্দ্রে-পিয়েরে।
 
IMG1
 
ম্যাচের শেষে টানেলে টিভি স্ক্রলে খেলোয়াড়েরা প্যারিস জুড়ে এই হামলার খবর দেখেছেন। জার্মানির কোচ জোয়াকিম লো বলেন, আমরা সবাই স্তম্ভিত। এমন ঘটনায় খেলা ও গোলগুলো আড়ালে চলে যায়। বেঞ্চে আমরা সবাই অনেক ভীত ছিলাম। 
 
IMG2
 
উল্লেখ্য, ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ফ্রান্সে হওয়ার কথা। আগামী মঙ্গলবারে লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল ফ্রান্স দলের। ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, ম্যাচটি ইতোমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। বিবিসি।