মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রে ব্যস্ত উন্নয়নকে বাধাগ্রস্থ করতে।' শনিবার বিকালে গাজীপুরের জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ ময়েজ উদ্দিন আহমেদের স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশকে এখন আর বিশ্ব দরবারে সাহায্যের জন্য যেতে হয় না। বরং শেখ হাসিনার উন্নয়নে এদেশ এখন বিশ্ব দরবারের মডেল। বাংলাদেশকে এখন অন্যান্য দেশ অনুসরণ করছে।' তিনি আরও বলেন, 'গাজীপুরের কৃতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ ময়েজউদ্দিন আহমেদের আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।'
জাঙ্গালীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আব্দুল গনি মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবিএম আমজাদ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, যুবলীগ সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ খোকা, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আহমেদুল কবির, উপজেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক মো. মোশারফ হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ টিপু, ছাত্রলীগ সভাপতি মো. আমির হামজা, সিনিয়র সহ-সভাপতি মাফুজা আফরিন মনি সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনার পর বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ ময়েজ উদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ শেষে বিশেষ দোয়া করা হয়।