গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী কুমিল্লায় উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৪) কুমিল্লায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সাদুল্লাহপুর উপজেলার হিংগারপাড়ার রুহুল আমিনকে (১৮) গ্রেফতার করা হয়।
 
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপহৃত ওই জেএসসি পরীক্ষার্থীকে কুমিল্লা জেলা সদরের চাঁদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহৃত ওই স্কুলছাত্রী সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা। সে স্থানীয় ধাপেরহাট প্রিয়বালা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
 
উল্লেখ্য, গত ২০ অক্টোবর দুপুরে প্রাইভেট পড়ার জন্য ওই স্কুলছাত্রী বাড়ি থেকে ধাপেরহাট বাজারে আসে। ধাপেরহাট বাজারের পল্টন মোড়ে পৌঁছিলে রুহুল আমিন ও তার অনুগামী লোকলস্কর স্বপ্নাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পরের দিন ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন।