শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার ফলাফল প্রকাশ করা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে নয়টায় ‘এ’ইউনিট ও দুপুর আড়াইটায় ‘বি’ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  
 
ভর্তি কমিটি জানায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।  ‘এ’ইউনিটভুক্ত নয়টি বিভাগের মোট ৬১৩ টি আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থী আবেদন করেন। দুপুর আড়াইটা থেকে ‘বি’ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। ‘বি’ইউনিটভুক্ত ১৭ টি বিভাগের মোট ৮৩৫ টি আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন। পরীক্ষায় প্রায় ৯০ ভাগ উপস্থিতি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
এ দিকে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার সময় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ কেন্দ্র থেকে এক যুবককে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ চলছিল। তবে তার নাম জানাননি ভর্তি কমিটির সংশ্লিষ্টরা।
 
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষার্থীর মোবাইল ফোনে জানিয়ে দেয়া হবে। পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক যুবক আটক হয়েছেন।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে ওই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।