বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. অতিউর রহমান বলেছেন, 'দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে দীর্ঘমেয়াদী সঞ্চয় নিশ্চিত করতে হবে।' শনিবার সকালে রাজধানীর হোটেল রেডিসনে ‘ব্যাংকিং ইন বাংলাদেশ : দ্য লিপ ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন তিনি।
আতিউর রহমান বলেন, ‘পাঁচ বছরের সঞ্চয় দিয়ে ১০ বছরের বিনিয়োগে যেতে চাইলে তা হবে চ্যালেঞ্জিং এবং টেনশনের। এজন্যই ব্যাংকগুলো দীর্ঘমেয়াদে সঞ্চয় নিশ্চিত করে বড় বিনিয়োগের দিকে যেতে হবে। উড়াল সেতু, ব্রিজসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করা দরকার।’ দীর্ঘমেয়াদী বিনিয়োগকে সহজতর করার জন্য কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘমেয়াদে সঞ্চয় তৈরির জন্য কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
সঞ্চয় বাড়ানোর জন্য গার্মেন্ট শ্রমিকদের ও প্রবাসী বাংলাদেশিদের পেনশন স্কিমের আওতায় আনার সম্ভাবনার কথা জানান ড. আতিউর রহমান।
তিনি বলেন, ‘৫-৭ বছর মেয়াদী বিনিয়োগের জন্য ৩০০ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে। এ ছাড়া ২০০ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করার কাজ চলছে। বাংলাদেশ ব্যাংক ১ বিলিয়ন ডলারের বন্ড ইস্যু করবে। যা দিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা হবে।’
ব্যাংকিংখাতে বড় ধরনের পরিবর্তন ও স্বচ্ছতা এসেছে বলেও তার বক্তৃতায় তুলে ধরেন।
‘সম্পদ ও দায় ব্যবস্থাপনা’ও ‘প্রযুক্তি ভূমিকা’ আলাদা আলাদ দুটি বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারে অন্যদের মধ্যে ডেপুটি গভর্নর অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি আলী রেজা ইফতেখার, সেমিনার প্রস্তুতি কমিটির সদস্য ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
-ফোকাস বাংলা