ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। সিঙ্গাপুরের ল্যাগুনা ন্যাশনাল গলফ ও কান্ট্রি ক্লাবে শনিবার তৃতীয় রাউন্ডে পাঁচটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে মালয়েশিয়ার নিকোলাস ফুংয়ের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
চতুর্থ রাউন্ডের খেলা সামনে রেখে সিদ্দিকুর বলেন, ‘এটা সহজ কোর্স নয়। আপনাকে ধৈর্য ধরতে হবে; আগামীকালও বিষয়টি একই থাকবে। আমরা সবাই ক্লান্ত এবং আমি মনে করি, যে খেলোয়াড়ের প্রাণশক্তি বেশি থাকবে এবং স্নায়ুর লড়াইয়ে ভালো করবে, আগামীকাল তার জয়ের সম্ভাবনা আছে।’
সিঙ্গাপুরের এই আসরের আগের দুই রাউন্ডে পারের সমান শট খেলেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে ষষ্ঠ স্থানে ছিলেন তিনি।
২০১৩ সালে ভারতের নয়াদিল্লির গলফ কোর্সে দ্বিতীয় ও সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জয় করেন সিদ্দিকুর। কদিন আগে এই কোর্সে শেষ হওয়া প্যানাসনিক ওপেন গলফে শিরোপা খরা ঘোচানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন সিদ্দিকুর।
সিঙ্গাপুরের সাড়ে সাত লাখ ডলার প্রাইজমানির আসরটি আবারো সিদ্দিকুরের সামনে শিরোপা জয়ের সুযোগ হয়ে এসেছে। সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় থাকা ৩০ বছর বয়সী এই গলফার জানান, তৃতীয় রাউন্ডের খেলা দারুণ উপভোগ করেন তিনি।