রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইয়াসমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের স্বামীর বাড়ির লোকজন দাবি করছে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে বিষপান করে ইয়াসমিন আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাতে নবীনগর হাউজিংয়ের ৮ নম্বর রোডের ৫২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ইয়াসমিনের স্বামী নূর হোসেনের দেয়া তথ্যমতে, দেড় বছর আগে ইয়াসমিনের সঙ্গে তার বিয়ে হয়। দুজনের বাড়ি ভোলার লালমোহন এলাকায়। মোহাম্মদপুর এলাকার একটি পোশাক কারখানায় নূর হোসেন চাকরি করেন। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতে নূর হোসেন বাসায় ফেরার পর আবার তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ঘরে গিয়ে ইয়াসমিন তেলাপোকা মারার বিষ পান করেন। পরে ইয়াসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নূর হোসেন। পরে কর্তব্যরত চিকিত্সা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।