প্যারিস হামলায় ফ্রেঞ্চ ফুটবলারের বোন নিহত

শুক্রবার সন্ধ্যায় প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ফ্রান্স জাতীয়  ফুটবল দলের মিডফিল্ডার লাসানা দিয়ারার বোন।  সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার দিয়ারা তার বোন আস্তা দিয়াকিতের মৃত্যুর খবর জানান। 
 
ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল মার্শেইয়ে খেলা এই ফুটবলার এক পোস্টে তিনি বলেন, আপনারা হয়তো জানেন, আমি ব্যক্তিগতভাবে এই হামলার শিকার হয়েছি। গতকালের হামলার শিকার হওয়াদের মধ্যে আমার কাজিন আস্তা দিয়াকিত অন্যতম। সে ছিলো আমার বড় বোন। যেখানে আরও ১০০ জনের মতো নির্দোষ ফরাসি মারা গেছে।
 
প্যারিসের স্টাডে দে ফ্রান্সে জার্মানির বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচের ৮০ মিনিট খেলেন দিয়ারা। ম্যাচটি চলার সময়ই একযোগে প্যারিসের কেন্দ্রের কয়েকটি স্থানে হামলা করে সন্ত্রাসীরা। স্টেডিয়ামের বাইরে বোমা হামলার শব্দ মাঠ থেকেও শোনা যায়। স্টেডিয়ামের বাইরের এই হামলায় তিন জন মারা যায়।  দেশটির কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে হওয়া হামলায় মোট ১২৯ জন নিহত হয়। এছাড়া ৯৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
 
দিয়ারার সতীর্থ ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজমানের বোনও হামলার শিকার হন। তবে প্যারিসের বাতাক্লঁ থিয়েটারের ওই হামলায় প্রাণে বেঁচে যান তিনি। যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড ঈগলস অব ডেথ মেটাল সঙ্গীত পরিবেশন করার সময় বাটাক্লঁ থিয়েটারে বন্দুকধারীরা ঢুকে পড়ে। তাদের গুলিতে ও বোমা বিস্ফোরণে সেখানে কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়। গার্ডিয়ান।