গাজীপুরে বিশেষ অভিযানে আটক ৫০০

 
গাজীপুরে বিভিন্ন স্থানে গত কয়েক দিনে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের প্রায় ৫০০ নেতাকর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। রবিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
 
মোহাম্মদ হারুন অর রশীদ জানান, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতা কর্মকাণ্ড রোধে জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে কাপাসিয়া উপজেলার রাউেকানা এলাকা থেকে উপজেলা জামায়াতের আমির ফরহাদ মোল্লা রয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল ও জিহাদি বই উদ্ধার করা হয়। অভিযানকালে তার অপর সঙ্গীরা পালিয়ে যায়।
 
পুলিশ সুপার আরো জানান, টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে শনিবার রাতে এক রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ মো. ফারুক মিয়া (২৫) নামে এক যুবককে আটক হয়েছে। সে স্থানীয় এরশাদ নগর এলাকার বাসিন্দা মো. নান্নু মিয়ার ছেলে।
 
প্রেস ব্রিফিং কালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মো. সবুর, টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, কাপাসিয়া থানার ওসি মো. আহসানউল্লাহ উপস্থিত ছিলেন।