ফরিদপুরে গণপিটুনিতে ৪ জন নিহতের ঘটনায় দুই মামলা

ফরিদপুরের সদর উপজেলার চৌধুরীডাঙ্গী গ্রামে ডাকাত সন্দেহে চারজনকে গণধোলাই দিয়ে হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে।
 
জানা গেছে, এ ঘটনায় গৃহকর্তা মোমিন শেখ বাদী হয়ে ১০/১২ জনকে আসামি করে ডাকাতি মামলা করে। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন। অপরদিকে চার ডাকাতকে হত্যার ঘটনায় এক হাজার গ্রামবাসীকে আসামি করে মামলা হয়েছে।মামলাটি তদন্ত করছেন অপর পুলিশ উপ পরিদর্শক মো. শাহীন।
 
পুলিশ জানয়, নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের একজনের নাম খোকন ওরফে ইয়াছিন (৩২)। তিনি বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের বাসিন্দা। অপর জন একই এলাকার তুষার মীর। বাকী দুইজনের মরদেহ জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
 
ফরিদপুরের কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন জানান, দুইটি মামলার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
উল্লেখ্য, শনিবার ভোর সাড়ে চারটার দিকে চৌধুরীডাঙ্গী গ্রামের মমিন শেখ, রশিদ শেখ ও নিজাম শেখের বাড়িতে ১০/১২ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতরা এসব বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এসব বাড়ির লোকজনের  চিৎকারে এলাকাবাসী চারদিক থেকে ডাকাতদের ঘেরাও করে চারজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চার ডাকাত মারা যায়।