বগুড়ায় নিখোঁজের পাঁচদিন পর শিশুর লাশ উদ্ধার

বগুড়া সদর উপজেলার নিখোঁজের পাঁচদিন পর রিপন (১২) নামে এক শিশুর ক্ষত-বিক্ষত লাশ একটি জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। রিপন (১২) সদরের বারপুর মধ্যপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।
 
রবিবার দুপুর দুইটার দিকে পুলিশ সদরের চাঁদপুর গ্রামের জঙ্গল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। রিপন জেলা সদর উপজেলার ফারুক হোসেনের ছেলে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০ টার পর থেকে রিপন নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করছিল। রবিবার দুপুরের দিকে রিপনের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উপজেলার চাঁদপুর গ্রামের একটি জঙ্গলে স্থানীয় লোকজন গাছ কাটতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
 
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিপন নিখোঁজ হবার রাতেই হত্যার পর লাশ জঙ্গলে ফেলে রাখা হয়। শিয়াল কয়েকদিনে মৃতদেহের হাত-পা থেকে মাংস খেয়ে ফেলেছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।