চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিবিলা শান্তিবিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।
রবিবার বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদায় দেশ-বিদেশের পূর্ণার্থীদের অংশগ্রহণে ভোর থেকে এ অনুষ্ঠান শুরু হয়। চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। সকালে বিশ্ব শান্তি কামনায় পরিত্রাণ পাঠ, প্রভাতফেরী এবং ধর্মালোচনা ও চীবর উৎসর্গ অনুষ্ঠিত হয়।
বিকালে শান্তিবিহারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভারতের বুদ্ধগয়ার সাবেক সংসদ সদস্য ড. ধর্মভীরু মহাথের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভারতের সোস্যাল ওয়ার্কা অ্যান্ড আরটিআই শ্রী রাজ কুমার, লোকসভার সংসদ সদস্য অজয় নিশাদ, শ্রী মুকেশ রাজপুত, শ্রী ড. সুনীল বলরাম গাইকোআট, শ্রী রাজেশ বার্মা, শ্রী তোপাস্টান চিয়াঙ্গ, লেখক সালাম আজাদ, শীলানন্দ ভিক্ষু, অ্যাডভোকেট রাখাল চন্দ্র বড়ুয়া ও বিজয় কুমার বড়ুয়া ও রকি বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রীকে লর্ড বুদ্ধ আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। অল ইন্ডিয়া ভিক্ষু সংঘের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।