চলতি অর্থ বছরের প্রথম চার মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর রাজস্ব আদায়ে রেকর্ড করেছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার অনেক বেশি রাজস্ব আদায় হয়েছে।
এ অর্থবছরের প্রথম চার মাসে ভোমরা স্থলবন্দরের রাজস্ব আদায় হয়েছে ১৭৫ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার টাকা। যা গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় ৭৩ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকা বেশি। গত অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় হয়েছিল ১০২ কোটি ১ লাখ ৯৬ হাজার টাকা।
ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চার মাসে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারন করা হয়েছে ১৬৯ কোটি ২৩ লাখ ১৮ হাজার টাকা। এর মধ্যে জুলাইয়ে ৩২ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার, আগষ্টে ৪৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা ও সেপ্টেম্বরে ৪৮ কোটি টাকা ১৭ লাখ ৫২ হাজার ও অক্টোবর ৪১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার।
এর বিপরিতে গত চার মাসে অর্জিত হয়েছে ১৭৫ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে জুলাইয়ে ২৬ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮১১ টাকা, আগষ্টে ৩০ কোটি ৯ লাখ ১৩ হাজার ২৯০ টাকা, সেপ্টেম্বরে ৫৩ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১১ টাকা ও অক্টোবর মাসে ৫৯ কোটি ২৪ লাখ ৪৩ হাজার।
ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার শরীফ মো. আল-আমীন জানান, ইতিমধ্যে রাজস্ব বোর্ডের দেয়া লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
এছাড়া চলতি অর্থবছরে ভোমরা বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। সবার সহযোগিতা থাকলে আশা করা যাচ্ছে, বাকি ৮ মাসে যে পরিমান রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আছে সেটিও আদায় করা সম্ভব হবে।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি নাসিম ফারুক মিঠু জানান, ভোমরা বন্দর অন্য যে কোনো বন্দরের তুলনায় খুবই সম্ভাবনাময়ী বন্দর। এখানকার
ব্যবসায়ীরা সব সময় পণ্য আমদানি-রপ্তানি করতে পাড়লে রাজস্ব আদায় আরও অনেকাংশে বৃদ্ধি পাবে।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ভোমরা স্থল বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৬০০ কোটি টাকা। যা গেল অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় তিনগুনেরও বেশি। গত অর্থবছরে এনবিআর ভোমরা বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছিল ১৬৪ কোটি টাকা। যা পরবর্তীতে মে মাসে এসে সংশোধিত করে লক্ষ্যমাত্রা নির্ধারন করে ৪৭৯ কোটি টাকা। ফলে গত অর্থবছরের রাজস্ব আদায়ের প্রথম লক্ষ্যমাত্রার চেয়ে তিনগুনেরও বেশি চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ বন্দরটিতে।