প্যারিসে সন্ত্রাসী হামলার জের

ফ্রান্সের ইউরো ২০১৬ আয়োজন নিয়ে সংশয়

প্যারিসে গত শুক্রবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা সরিয়ে নেয়া হবে কি-না এ নিয়ে প্রশ্ন ওঠছে। যদিও এমন হামলার কারণে প্রতিযোগিতাটি ফ্রান্স থেকে সরানো উচিত হবে না বলে মত দিয়েছেন টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান জ্যাক ল্যাম্বার্ট।
 
ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন জায়গায় করা এ সন্ত্রাসী হামলায় ১২৯ জন প্রাণ হারায়। আহত হয় ৩৫০ জনের ওপরে। ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করে। সন্ত্রাসী গোষ্ঠীর এমন হামলার কারণে আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠানের আগে দেশটির বর্তমান নিরাপত্তা ইস্যুটি আলোচনায় চলে আসছে।
 
এ ব্যাপারে আয়োজক ল্যাম্বার্ট বলেন,  ইউরো যদি বাতিলই হয়, তাহলে সেটা হবে সন্ত্রাসীদের খেলা। তিনি আরো বলেন, জানুয়ারির দিকে ঝুঁকিটা একটা পর্যায়ে ছিলো, সেটাই এখন বেড়ে গেছে। চলতি বছর এ নিয়ে দুই বার প্যারিস সন্ত্রাসী হামলার শিকার হলো। জানুয়ারির শুরুতে তিন দিনে বিদ্রূপাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো কার্যালয়, একটি ইহুদী সুপার মার্কেট এবং মহিলা পুলিশের চৌকিতে হামলা চালিয়ে ১৮ জনকে হত্যা করে সন্ত্রাসী গোষ্ঠী। ইউরো ২০১৬ তে ফ্রান্সের নিরাপত্তা ব্যাপারে ল্যাম্বার্ট আরো বলেন, ইউরো ২০১৬ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠানের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।
 
সূচি অনুযায়ী আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালটা অনুষ্ঠিত হওয়ার কথা স্টাডে দি ফ্রান্সে, আগামী বছরের ১০ জুলাইয়ে। শুক্রবার এই স্টেডিয়ামটিতে ফ্রান্স-জার্মানি মধ্যকার প্রীতিম্যাচ চলাকালে সন্ত্রাসী হামলায় চারজন মানুষ প্রাণ হারায়। এই হামলার জের ধরে অল ইউরোপিয়ান রাগবি চ্যাম্পিয়ন কাপ এবং চ্যালেঞ্জ কাপের খেলাসহ চলতি সপ্তাহে ফ্রান্স জুড়ে খেলাধুলা বিষয়ক অনেক সূচিই স্থগিত করে দেয়া হয়েছে। বিবিসি