ঝালকাঠির রাজাপুরে অষ্টম শ্রেণির ছাত্রী সিজদা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়। সোমবার সকাল ৯টার দিকে ঝালকাঠি-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বলাইবাড়িতে এ ঘটনা ঘটে।
সিজদা উপজেলার নিজ গালুয়া গ্রামের ব্যবসায়ী বাদল হোসেন আকনের মেয়ে এবং গালুয়া এসকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সোমবার ছিল সিজদার কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের পরীক্ষা। কিন্তু সে পরীক্ষা আর দেয়া হলো না তার।
এ ঘটনায় আহত ৪জনের মধ্যে মোটরসাইকেল চালক আমান আহমেদ (১৮) ও পথচারী মোজাম্মেল খন্দকারের (৭০) অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, সকালে দ্রুত গতিতে দুটি মোটরসাইকেল ওভারটেক করার সময় একে অপরকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল দুটি রাস্তায় পড়ে গিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা জেএসসি পরীক্ষার্থী ও পথচারীসহ ৫জন আহত হয়। আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর দুপুর ১২টায় সিজদার মৃত্যু হয়। আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।