কক্সবাজারের টেকনাফ উপজেলায় শীর্ষ তালিকাভুক্ত দুই মানবপাচারকারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হল, টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝর পাড়া গ্রামের রহিম উল্লাহ ও মিস্ত্রি পাড়ার আব্দুস সালাম।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার। তিনি জানান, সোমবার ভোরে র্শীষ মানব পাচারকারীর অবস্থানের বিষয়ে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শাহপরীর দ্বীপে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের নিজ নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা সমুদ্র পথে মালয়েশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে থানায় মানব পাচার আইনে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।