কুমিল্লায় হাতুড়ে চিকিৎসকের ভুল ওষুধ পয়োগে আল-আমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারের হাতুড়ে চিকিৎসক আবুল বাসারের ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর শিশুর স্বজনসহ এলাকার উত্তেজিত জনতা ওই হাতুড়ে চিকিৎসককে ফার্মেসির চেম্বারে অবরুদ্ধ করে রাখে।
শিশুর স্বজন ও স্থানীয়রা জানায়, উপজেলার অশ্বদিয়া গ্রামের সুমন মিয়ার শিশু পুত্র আল-আমিন জ্বরে আক্রান্ত হলে তাকে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাশিনগর বাজারে ওই চিকিৎসকের ফার্মেসির চেম্বারে নিয়ে আসা হয়। এ সময় ওই চিকিৎসক আল-আমিনকে একটি ‘ট্রাইজন ইনজেকশন’ পুশ করে। এতে তৎক্ষণাৎ সে ওই চেম্বারে মারা যায়। পরে আল-আমিনের স্বজনসহ স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওই হাতুড়ে চিকিৎসককে ফার্মেসির চেম্বারে অবরুদ্ধ করে রাখে।
বিক্ষুব্ধ লোকজন জানায়, প্রায় ১৫ দিন আগে একই উপজেলার মান্দারিয়া গ্রামের শারমিন (২) নামে এক শিশু জ্বরে আক্রান্ত হলে তাকে ওই চিকিৎসকের চেম্বারে আনা হয়। ইনজেকশন পুশ করার পর সেও তার চেম্বারে মারা যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি জানার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’