অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায় এসেছে। আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলে রাতেই ঢাকা ছেড়ে চলে যাবে অস্ট্রেলিয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৫টায় খেলা শুরু। রাশিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাই মাচ খেলতেই অস্ট্রেলিয়ার ঢাকায় আসা। নিয়ম অনুসারে খেলার আগেরদিন ম্যাচ ভেন্যুতে অনুশীলন করে ফুটবল দল। কিন্তু অস্ট্রেলিয়া সেটা না করে সিঙ্গাপুরে অনুশীলন করে ঢাকায় এসে শুধু ম্যাচটাই খেলবে। কথা রয়েছে স্টেডিয়ামে খেলাটা শেষ করে সেখান থেকেই সরাসরি বিমানবন্দর চলে যাবে। দেশের পথে রওনা দেবে। নিরাপত্তার কারণে এই এমনটি করছে বলে জানা গেছে। আর চারবার বিশ্বকাপ ফুটবল খেলা অস্ট্রেলিয়া যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
রাতে ঢাকায় পৌছে শুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন অস্ট্রেলিয়ার ফুটবলাররা। সেপ্টেম্বরে পার্থে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়া ৫-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। গতকাল বাংলাদেশ ফুটবলদলের ইটালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ আজকের ম্যাচ নিয়ে জানিয়েছেন, বড় দলের বিরুদ্ধে নিজেদের সর্বশক্তি নিয়োগ করবেন। একই কথা সহকারী অধিনায়ক জামাল ভুঁইয়ার। তিনি বলেছেন, ‘আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি, একশভাগ দিতে পারি তাহলেই আমরা সন্তুষ্ট।’