চট্টগ্রামে শিশু আরাফাত হত্যায় ৪ জনের ফাঁসির আদেশ

চট্টগ্রামে শিশু ইয়াসিন আরাফাত হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী এই রায় দেন।
 
মৃত্যুদণ্ডপ্রপ্তরা হলেন- মো. ফারুক (২৫) ইদ্রিস মিয়া (২৮), মো. আনোয়ার (২৩) ও সুজন (২৩)। এদের মধ্যে সুজন পলাতক রয়েছে।
 
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় রাবেয়া বেগম নামে একজনকে খালাস দেয়া হয়েছে।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ ডিসেম্বর নগরীর হালিশহর ‘বি’ ব্লক এলাকা থেকে ফারুক ও অন্যরা আরাফাতকে তুলে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 
 
পরদিন ১৮ ডিসেম্বর সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে কালু শাহ মাজার এলাকার সামনের রাস্তা থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
 
এ ঘটনায় নিহত শিশুটির বাবা রিয়াজ উদ্দিন বাদি হয়ে ঐদিনই হালিশহর থানায় একটি মামলা করেন।
 
এ মামলায় ২০১৩ সালের ২৪ অক্টোবর চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি মামলার অভিযোগ গঠন করা হয়।
 
২৮ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেয়। রায় ঘোষণার সময় পলাতক আসামি সুজন ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।