বদলগাছী উপজেলা জামায়াতের আমির আটক

নওগাঁর বদলগাছী উপজেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলমকে (৫০) আটক করেছে নওগাঁ সদর থানা পুলিশ। মঙ্গলবার ভোরের দিকে বদলগাছী উপজেলা বাজার এলাকা নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত জাহাঙ্গীর আলম উপজেলার মৃত তফিজ উদ্দিনের ছেলে। 
 
নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম ইত্তেফাককে জানান, গত ২৫ অক্টোবর শহরে বিপুল পরিমাণ জিহাদী বই, দেশীয় অস্ত্রসহ জামায়াত শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানার উপ পরিদর্শক(এসআই) সমর সরকার বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। 
 
তিনি আরো জানান, মামলায় জাহাঙ্গীর আলম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ।
জাহাঙ্গীর আলমকে আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।