ফরিদপুর শহরের হাজী শরিয়তউল্লাহ বাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় সাতটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার সকালে বস্তুগুলো উদ্ধার করা হয়। অপরদিকে সোমবার রাতে শহরতলীর শোভারামপুর এলাকা থেকে অস্ত্রসহ রাজু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার এফ. এম. মহিউদ্দিন জানান, সকালে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তগুলো উদ্ধার করে। টিনের কৌটায় লাল ও কালো রঙ্গের টেপ দিয়ে মোড়ানো বস্তুগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে বস্তু গুলো বোমা নাকি অন্যকিছু।
অপরদিকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ রাজু আহম্মেদ নামে এক সন্ত্রাসীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজু শহরের চরকমলাপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।