জয়পুরহাটের পাঁচবিবিতে ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে বিপাকে পড়েছে সাধরণ মানুষ। হাট-বাজারে দোকানীরা এসব কয়েনের বিনিময়ে খরচ দিতে চাচ্ছেন না। এছাড়া ২৫ পয়সা ও ৫০ পয়সার কয়েনও গ্রহণ করছেন না তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ীদের কাছে প্রচুর কয়েন জমা রয়েছে। তারা ব্যাংক গুলিতে ধরনা দিলেও কোন ব্যাংক তাদের কয়েন গুলি জমা নিচ্ছে না। ফলে ব্যবসায়ীরাও দ্রব্যমূল্য পরিশোধের ক্ষেত্রে কয়েন নিতে চাচ্ছেন না।
স্থানীয় পান দোকানী কালাম জানান, তার কাছে বেশ কিছু কয়েন রয়েছে কিন্তু কেউ নিচ্ছে না। এমনকি ২৫ ও ৫০ পয়সার কয়েন ভিক্ষুকও নিতে চাচ্ছে না।
মুদি ব্যবসায়ী শ্রী আনন্দ বলেন, আমার কাছে ৮ থেকে ১০ হাজার টাকার কয়েন রয়েছে। কিন্তু চালাতে পারছি না। কাস্টমাররা কয়েন নিতে অনিহা প্রকাশ করছে। এমনকি ব্যাংকগুলো কয়েন জমা নেয় না। তাহলে এগুলো দিয়ে আমরা কী করব?
সোনালী ব্যাংক পাঁচবিবি শাখার ব্যবস্থাপক এ কে এম মাহাবুব উল ইসলাম জানান, ব্যাংকের ভোল্টে জায়গা না থাকায় কয়েন নেওয়া সম্ভব হচ্ছে না।