গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

 
গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে গাজীপুরের জেলা জজ এ কে এম এনামুল হক এ আদেশ প্রদান করেন। এ সময় আসামি জালাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলো।
 
মামলা সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখিড়াটি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিনের সঙ্গে ফরিদপুরের নগরকান্দার মীরের গ্রামের ইউনুস মাতব্বরের মেয়ে কাকলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে কাকলী স্বামীর সংসারে বসবাস করছিলো। এ সময় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে ২০০৯ সালের ২২ এপ্রিল সকালে নিজ ঘরে স্বামী জালাল উদ্দিন তার স্ত্রী কাকলীকে শারিরীক নির্যাতন করার পর শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় কাকলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জালালকে হাতে নাতে আটক করে।
 
এ ঘটনায় একইদিন নিহত কাকলীর পিতা বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। কাপাসিয়া থানার এস আই আজিজুল হক তদন্ত শেষে একই বছরের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালদে ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত জালাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ প্রদান করেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সরকারী পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফখরুদ্দিন আকবরী।