শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘আগামী ৩১ ডিসেম্বরের পর হাজারিবাগে কোনো ট্যানারি থাকতে পারবে না।’
মঙ্গলবার সাভারে বাস্তবায়নাধীন ‘চামড়া শিল্পনগরী, ঢাকা’ প্রকল্পের সিইটিপি, ডাম্পিং ইয়ার্ডসহ অন্যান্য নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এ সময়ের মধ্যে হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করলে বরাদ্দকৃত প্লট বাতিল করে দেয়া হবে।’ তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে এরপর হাজারিবাগের ট্যানারিগুলোতে গ্যাস, বিদ্যুত্ ও পানিসহ সব ধরনের ইউটিলিটি সার্ভিসও বন্ধ করে দেয়া হবে।
সভায় জানানো হয়, ডিসেম্বরের মধ্যেই চামড়া শিল্পনগরীতে নির্মাণাধীন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) দুটি মডিউলের নির্মাণ কাজ শেষ হবে। এর মাধ্যমে প্রায় ১শ’ ট্যানারির বর্জ্য পরিশোধন করা যাবে। এ সময় প্রয়োজনীয় বর্জ্য পেতে হলে, কমপক্ষে ৭০টি ট্যানারি চালু থাকতে হবে। দ্রুত ট্যানারি স্থানান্তরের জন্য ইতোমধ্যে ১০৭টি ট্যানারিকে শতকরা ২০ ভাগ এবং ৪টি ট্যানারিকে শতকরা ৬০ ভাগ ক্ষতিপূরণের অর্থ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে ট্যানারি স্থানান্তরের পাশাপাশি সিইটিপি নির্মাণ কাজ সমাপ্ত করতে সভায় সংশ্লিষ্ট সকলকে তাগিদ দেয়া হয়।
খবর বাসসের।