বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ ঘিরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সোমবার স্টেডিয়াম মার্কেট বন্ধ করে দেয়ার পর আজ মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। কোন ফুটবল ম্যাচ ঘিরে এধরনের নিরাপত্তা দেশের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন।
স্টেডিয়ামের চারদিকে সকাল থেকেই শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেটাল ডিটেক্টর গেট পার করে দর্শকদের গ্যালারিতে ঢোকানো হচ্ছে।
সম্প্রতি দুজন বিদেশি নিহত হওয়ার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ফুটবল দল ম্যাচটি তৃতীয় দেশে নেওয়ার প্রস্তাব করেছিল। ফিফা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমনকি অস্ট্রেলিয়া ম্যাচটি খেলবে কিনা তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা।
তবে সোমবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া দল ঢাকায় আসার পর কেটে যায় অনিশ্চয়তার মেঘ। বিকাল সাড়ে পাঁচটায় খেলা শুরু হয়েছে। ম্যাচ শেষ করে মঙ্গলবার রাতেই অস্ট্রেলিয়া দল ঢাকা ছেড়ে যাবে।