দিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে ডা. পিয়েরো পারোলারি (৫০) নামে এক ইতালীয় নাগরিক আহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে শহরের বিটিআরসি বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডা. পারোলারি দীর্ঘদিন ধরে দিনাজপুরের একটি ক্যাথলিক চার্চের ফাদার হিসেবে নিয়োজিত আছেন। প্রতিদিনের মতো আজও তিনি প্রাতঃভ্রমণে বের হন। এ সময় শহরের বিটিআরসি বাসস্ট্যান্ডের সামনে মুখোস পরা তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি পারোলারির গলার পাশে লাগে। গুরুতর আহতাবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
IMG0
দিনাজপুরের পুলিশ সুপার রহুল আমিন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানের কূটনৈতিকপাড়ায় ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে গত ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা করে দুর্বৃত্তরা।