ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার এসএম জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।
জাহাঙ্গীর আলম বলেন, নিলয়কে ফেসবুকে হুমকি দেয়ার ঘটনায় একজন এবং হত্যাকাণ্ডের পর ইন্টারনেটে দায় স্বীকারকারী সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৭ অগাস্ট রাজধানীর গোড়ানে নিজের বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঐ ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পরে সেটি গোয়েন্দা পুলিশকে তদন্তভার দেয়া হয়। এই ঘটনায় কাউছার হোসেন ও কামাল হোসেন নামে দুইজনকে গ্রেফতার করা হয়।