মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, অসুস্থ মানুষকে আইসিইউতে বা অপারেশন থিয়েটারে নিয়ে রোগীর স্বজনদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হাসপাতাল কর্তৃপক্ষের এক ধরনের ব্যবসায়িক মানুষিকতা। হাসপাতালের নামে এসব গলাকাটা ব্যবসা নয়, অসহায় মানুষকে সঠিক স্বাস্থ্য সেবা দিতে হবে।
বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে কালীগঞ্জ আধুনিক হাসপাতাল নামে একটি হাসপাতাল উদ্বোধন শেষে হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, আমার নির্বাচনী এলাকায় এই ব্যবসায়িক মানুষিকতা চলবে না। তা নাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে এবং হাসপাতালও বন্ধ হয়ে যাবে।
হাসপাতালের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।