এডিলেড টেস্টে দলে ফিরলেন প্যাটিনসন

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিশেল জনসনের অবসরের সুবাদে দলে ফিরেছেন জেমস প্যাটিনসন। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টকে সামনে রেখে ঘোষিত অস্ট্রেলিয়া দলে বাঁহাতি স্পিনার স্টিভ ওকিফের অন্তর্ভূক্তি বিস্ময় সৃষ্টি করেছে। 
 
এদিকে উসমান খাজার ইনজুরি জায়গা কওে দিয়েছে শন মার্শকে। গত বছর পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ও কিফের অভিষেক হয়েছিল। ক্যারিয়ারে এই একটিমাত্র টেস্ট খেলার সুযোগ হয়েছে ৩০ বছর বয়সী ও কিফের। কিন্তু তখন থেকেই তিনি নির্বাচকদের সুবিবেচনায় ছিলেন। এডিলেড টেস্টে গ্লেন ম্যাক্সওয়েল ও এ্যাস্টন অ্যাগারকে বাদ দিয়ে তৃতীয় স্বীকৃত স্পিন বোলার হিসেবে এবার ও কিফের ডাক পাওয়া অবশ্য অনেককেই বিস্মিত করেছে। 
 
হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত ব্যাটসম্যান উসমান খাজার জায়গায় এডিলেড ওভালে মার্শের খেলা প্রায় নিশ্চিত। অন্যদিকে ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে প্যাটিনসন মূলত অবসরে যাওয়া জনসনের জায়গায় ডাক পেয়েছেন। দিবা-রাত্রির এই টেস্টে প্রথমবারের মত গোলাপি বলে সাদা পোষাকে টেস্ট খেলতে নামছে খেলোয়াড়রা। পার্থে ড্র হওয়া দ্বিতীয় টেস্টের দলে আর কোন পরিবর্তন আনা হয়নি। দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে টিকে রয়েছেন পিটার সিডল। 
 
দল ঘোষণা দিতে গিয়ে নির্বাচক প্রধান রড মার্শ বলেছেন,  বাংলাদেশ সফরের জন্য স্টিফেনকে আমরা টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছিলাম। দলে সুযোগ পেলে সে নিজেকে প্রমাণ করবে বলেই আমাদের বিশ্বাস। এখনো যেহেতু এডিলেডের কন্ডিশন সম্পর্কে আমরা বুঝতে পারছিনা সে কারণেই অতিরিক্ত একজন স্পিনার দলে প্রয়োজন ছিল।
 
দীর্ঘদিন ধরেই ইনজুরির সাথে লড়াই করা প্যাটিনসন ২০১৪ সালের মার্চের পরে আর টেস্ট ম্যাচ খেলেননি। ধারণা করা হচ্ছে এডিলেড টেস্টের মাধ্যমে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের পরে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাঁহাতি পেসার মিশেল জনসনের অবসরের ঘোষণাই প্যাটিনসনকে পুনরায় দলে সুযোগ করে দিয়েছে। তবে প্যাটিনসন জানিয়েছেন অনেকদিন মাঠের বাইরে থাকার কারণে নিজের ক্ষুধা হারিয়ে ফেলেছেন। ঘরোয়া শেফিল্ড শিল্ডে নিজেকের প্রমাণের কারণেই প্যাটিনসন দলে জায়গা করে নিয়েছেন বলে মার্শ জানিয়েছেন। টেস্ট দলে ফেরার জন্য সে কঠোর পরিশ্রম করেছে। তবে শেফিল্ড শিল্ডে ধারাবাহিক ভাল পারফর্ম করা স্বত্বেও শন মার্শের দল থেকে বাদ পড়াটা দুর্ভাগ্যজনক হিসেবেই মন্তব্য করেছেন নির্বাচক প্রধান। 
 
তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, শন মার্শ, এ্যাডাম ভোজেস, মিশ মার্শ, পিটার নেভিল, মিশেল স্টার্ক, জোস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, নাথান লায়ন, স্টিভ ও কিফ, পিটার সিডল। বাসস।