ঝিনাইদহে দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ৩০

 
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়ায় এলাকায় দুটি বাস বেপরোয়া ভাবে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর মো. সালাউদ্দিন জানান, জনি পরিবহন ও ফয়সাল পরিবহনের দুটি বাস বরিশাল যাচ্ছিল। তারা একে অপরকে ওভারটেকিং করার জন্য বেপরোয়াভাবে চালাচ্ছিল। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে দুটি বাসের ধাক্কা লাগে। এ সময় বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুটি বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। পুলিশ, ফায়ার ব্রিগেড ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে। আহত সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়।
 

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করেছে। চালক দুইজন পালিয়ে যায়।