জামায়াতের ডাকা হরতালে ঢাকা শহর এবং এর আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালের মধ্যেও সকাল-সন্ধ্যা বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সমিতি।
বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘উচ্চতর আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল আহ্বান করা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং আদালত অবমাননার শামিল। হরতাল-অবরোধের কারণে দেশব্যাপী সড়ক পরিবহন সেক্টরের মালিকরা নানা সংকটের সম্মুখীন। জন-বিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না—ঘৃণার সাথে তা প্রত্যাখান করছে।’
তিনি বলেন, ‘বৃহস্পতিবার হরতাল উপেক্ষা করে ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখাসহ যাত্রী পাওয়া-সাপেক্ষে আন্তজেলা রুটের গাড়িগুলো চলাচল করবে। তবে গাড়ি চলাচল যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।’