ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সাড়ে ৩ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সচল হয়েছে। এর আগে আকস্মিক ভোর ৫টা থেকে ফেরি সার্ভস বন্ধ হয়ে যায়। এই সময় ধরে ৫টি ফেরি মাঝ পদ্মায় কয়েক শ’ যান ও সহ্রাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে।
ফেরিগুলো হলো রানীক্ষেত, করবী, রামশ্রী, কাকলী, কুসুমকলিসহ মোট ৫টি ফেরি। পরে কুয়াশা কেটে যাবার পর ফেরিগুলো গন্তব্যে রওয়ানা দেয়।
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ম্যানেজার আব্দুল আলীম জানান, আকস্মিক কুয়াশার কারণে বয়বাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হয়েছে। তবে কুয়াশা কেটে যাবার পর ফেরি সার্ভিস আবার চলতে শুরু করেছে। এই রুটে বর্তমানে ৩টা রো রো ফেরিসহ ১৪টি ফেরি চলছে।