সম্পদ বিবরণী নোটিশের জবাব পাওয়ার পর নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির নিয়মিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা এই কথা জানান।
সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) শামসুল আরেফিন, পরিচালক নূর আহম্মেদ ও বেলাল হোসেন এবং উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অক্টোবর মাসে ১১৮টি মামলায় ২৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে সরকারি চাকরিজীবী ১৩৮ জন, ব্যবসায়ী ১৬ জন ও দুইজন জনপ্রতিনিধি। এছাড়া ৬৬টি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দুদকের দায়ের করা মামলার মধ্যে ১৩টি মামলার বিচার শেষ হয়েছে।