প্যারিস হামলার কারণে এল ক্ল্যাসিকোকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা

প্যারিসের সিরিজ হামলার জের ধরে পুরো বিশ্বজুড়েই সতর্ক অবস্থান বিরাজ করছে। বিশ্ব ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। শনিবার মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোকে সামনে রেখে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তার ইঙ্গিত দিয়েছে। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে এবারের মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো মিশনে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 
 
এ উপলক্ষে স্পেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বুধবার মিলিত হয়ে সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা ও নিজেদের করণীয় ঠিক করেছেন। যদিও এল ক্ল্যাসিকো ম্যাচের গায়ে নতুন করে উচ্চ ঝুঁকির তকমা লাগেনি। তবে শুক্রবার প্যারিসের সন্ত্রাসী হামলায় এবার প্রেক্ষাপটটা স্বাভাবিকভাবেই কিছুটা ভিন্ন। 
 
IMG0
 
এ সম্পর্কে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া পরিষদের সভাপতি মিগুয়েল কারডেনাল বলেছেন সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ বাতিলের কোন কারণ এই মুহূর্তে নেই। যদিও প্রয়োজন হলে আমাদের বাধ্য হয়ে সেটা করতে হবে।  অতীতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচকে ঘিরে সর্বোচ্চ যে ঝুঁকি ছিল তা হলো সমর্থকদের নিয়ে, এখানে সন্ত্রাসী হামলা কোন বিষয় আসেনি। বুধবারের আলোচনাটি এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যার দুইদিন আগে নিরাপত্তার কারণে ব্রাসেলসে স্পেনের বিপক্ষে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি বাতিল করে বেলজিয়ান ফুটবল এসোসিয়েশন। তবে কারডেনাল জানিয়েছেন বেলজিয়ামের পরিস্থিতি ভিন্ন। স্পেনে শনিবারের ম্যাচটি উপভোগের জন্য আমরা সমর্থকদের জন্য সম্ভাব্য সেরা নিরাপত্তাই নিশ্চিত করেছি। 
IMG1
এর আগে মঙ্গলবার হ্যানোভারে নেদারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচটিও বাতিল করে জার্মান সরকার। তাদের কাছে তথ্য ছিল স্টেডিয়ামের আশেপাশে গুরুতর বোমা হামলা হতে পারে। বাসস।