কিশোরগঞ্জে গাছে বেঁধে নির্যাতন

নীলফামারীর কিশোরগঞ্জে আমিনুর রহমান (৩৫) কে পরকীয়ার অপবাদে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন একই গ্রামের এমদাদুল হক। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমিনুর রহমান কিশোরগঞ্জ বাজারে আসার সময় একই গ্রামের জবান সরকারের ছেলে এমদাদুল হকের বাড়ির কাছে পৌঁছালে নির্যাতন কারীর স্ত্রী জেসমিন আক্তার তাকে ডেকে কথা বলছিলেন। এসময় এমদাদুল হক তার স্ত্রীর সঙ্গে আমিনুর রহমান কথা বলতে দেখে লাঠি দিয়ে বেধরক মারপিট করে। পরে তার লোকজন এলে আমিনুর রহমানকে উঠানের একটি কাঁঠাল গাছে রশি দিয়ে বেঁধে দ্বিতীয় দফায় মারপিট করে।

খবর পেয়ে পুলিশ আমিনুর রহমানকে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নির্যাতনে জড়িত থাকার অপরাধে এমদাদুল হককে না পেয়ে পুলিশ তার ভাই অহেদুল ইসলাম ও এমদাদুলের স্ত্রী জেসমিন আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। পরে দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়।

জেসমিন আক্তার জানান, তার সঙ্গে আমিনুর রহমানের কোনো পরকীয়া সম্পর্ক নেই। তিনি একজন আমার ভালো প্রতিবেশি। আমার স্বামীর প্রথম স্ত্রীর ছেলে ও ভাইরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জন্য এসব চক্রান্তের জাল বুনেছে। নির্যাতনের স্বীকার আমিনুর রহমানও পরকীয়া সম্পর্কে কথা অস্বীকার করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় দ্রুত তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।