একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করেছে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে তারা মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন।
এর আগে মুজাহিদের সঙ্গে দেখা করতে দুপুর পৌনে দুইটার দিকে কারাগারে যায় তার পরিবার। এরপর পৌনে তিনটার দিকে তারা কারাগার থেকে বের হয়ে গাড়িতে করে চলে যান। এসময় তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
মুজাহিদের সঙ্গে দেখা করার জন্য তার ছেলে আলী আহম্মদ মাবরুর আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে আবেদন জমা দিয়েছিলেন। পরে অনুমতি পাওয়ায় তারা মুজাহিদের সঙ্গে দেখা করেন।
বুধবার ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।