জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খড়িকাটায় শুক্রবার ভোরে ভটভটি উল্টে গিয়ে ২জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, কালাই উপজেলার উদয়পুর-আফলাপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে অছিমুদ্দিন (৫৫) ও একই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন (৬৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতদের হলেন, একই উপজেলার নিমেরপাড়া গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে আমজাদ হেসেন (৫২) ও আমজাদের স্ত্রী মনোয়ারা বেগম (৪২), মোফাজ্জল হোসেনের স্ত্রী রেবা ব্গেম (৪৪), কালাম মণ্ডলের ছেলে জাহেদুল ইসলাম (২০), আবু রায়হানের ছেলে তাজমহল হোসেন (৭), স্ত্রী তাছলিমা বেগম (৩৩), হাবিল উদ্দিনের মেয়ে হালিমা খাতুন (১১) ও আব্দুর রশিদের মেয়ে সিনথিয়া আক্তার (৫)।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, কালাই উপজেলার বেগুন গ্রামের খানকায়ে চিস্তিয়া তরিকার আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক নবান্ন উৎসব শেষে ভটভটি যোগে তারা বাড়ি ফিরছিলেন। যাওয়ার পথে পাঠানপাড়া-মাত্রাই সড়কের খড়িকাটায় ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম ও কালাই থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।