হরিরামপুরে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত

মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। বৃহম্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

বাজারের ব্যবসায়ীরা জানায়, রাতে বাজারের দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। পরে খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্মিকাণ্ডে বাজারের ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ১২টি দোকানের মধ্যে একটি সারের গোডাউন ছাড়া অন্য সবগুলো পেঁয়াজের দোকান। এতে দোকানঘর ও মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবুল চৌধুরী জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।