নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের রাতালদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানান, রাতালদিয়ার মকবুলের শিশু ছেলে মেহেদীর (৮) সঙ্গে একই এলাকার শফিকুলের ছেলে রিফাতের (৯) মার্বেল খেলা নিয়ে তাদের মারামারি হয়। এ নিয়ে মেহেদীর দাদা সাদেক মিয়া একই এলাকার শফিকুলকে জিজ্ঞাসা করতে যান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাদেক মিয়া (৫৬), নাজমা বেগম (৫৩), হাফেজা খাতুন (২২), মোক্তার হোসেন (২৬)সহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় মোক্তার হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে।