চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ৫০০ গজ ভারতের ভেতরে ৮ কেজি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ১৩লাখ টাকাসহ সুখি মণ্ডল (৩০) নামের এক বাংলাদেশি বিএসএফের হাতে আটক হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ভারতের একটি সূত্রসহ এলাকাবাসী জানায়, উপজেলার নতুনপাড়া গ্রামের ফেন্না মণ্ডলের ছেলে সুখি মণ্ডল (৩০), মৃত মফিজউদ্দিনের ছেলে জিয়ার হোসেন (৩২) ও রওশন আলীর ছেলে জফর আলী (৩৫) স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে ভারত থেকে নতুনপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিল। এ সময় ভারতের বানপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে। বিএসএফের ধাওয়া খেয়ে জিয়ার ও জফর পালিয়ে এলেও সুখি মণ্ডলকে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের ৮ কেজি ওজনের স্বর্ণের গয়না ও ১৩ লাখ বাংলাদেশি টাকাসহ আটক করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপি কমান্ডার হাবিলদার জুয়েল মিয়া বলেন, 'বিষয়টি শুনেছি। সঠিক তথ্য পাওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।'