নরসিংদীতে নারী শ্রমিক গণধর্ষণের শিকার, মামলা

নরসিংদীতে এক নারী (২০) শ্রমিক গণধর্ষণের শিকার হযেছেন। তিনি জেলা সদরের থার্মেক্স গ্রুপের আদুরী টেক্সটাইল মিলে কর্মরত।
 
বুধবার রাতে শিবপুর উপজেলার হাজীবাগান এলাকায় এ ঘটনায় শুক্রবার ওই নারী বাদী হয়ে মামলা করেছে। তাকে জেলা সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য ভর্তি করানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশংকাজনক।
 
জানা গেছে, জেলার বেলাব উপজেলার দেওয়ানেরচর গ্রামের এই নারী দীর্ঘদিন ধরে ওই মিলে শ্রমিক হিসেবে কাজ করছে। বুধবার রাত আটটায় তিনি কর্মক্ষেত্র থেকে বেরিয়ে লেগুনায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। লেগুনাটি রায়পুরা উপজেলার বারৈচা এলাকায় যাত্রীদেরকে নামিয়ে ওই নারীকে নিয়ে দ্রুত হাজীবাগানের দিকে চলে যায়। পরে লেগুনাটি একটি জঙ্গলাকীর্ণ এলাকায় থামিয়ে ওই নারীকে টেনে হেচড়ে নামিয়ে চালক ও হেলপারসহ ছয়জন তাকে গণধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয় থানা পুলিশ জানায়, দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।