রায় কার্যকর না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের অবস্থান

 
একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চের কর্মীরা। শুক্রবার বিকালে অবিলম্বে এ দুইজনের রায় কার্যকর করার দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
 
এসময় তিনি বলেন, এই দুই কুখ্যাত রাজাকারের দণ্ডাদেশ কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান অব্যাহত রাখবে গণজাগরণ মঞ্চ। গান-কবিতা-স্লোগানের মাধ্যমে এখানে অবস্থান করবে মঞ্চের কর্মীরা। ইমরান আরও বলেন, এই রায় এমনিতেই আসেনি। এজন্য জীবন দিতে হয়েছে অনেক গণজাগরণ মঞ্চের কর্মী, লেখক-প্রকাশককে। আর এ রায় কার্যকরের মাধ্যমে তাদের আত্মা শান্তি পাবে। এসময় শিগগির রায় কার্যকর করার দাবি তিনি।
 
‘বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি’ বিএনপির এমন বিবৃতি জাতিকে হতাশ করেছেন বলে মন্তব্য করে ইমরান বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম বিএনপি ভুলের রাজনীতি থেকে সরে আসবে। কিন্তু তারা এখন যুদ্ধাপরাধীদের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। এ বিবৃতির মাধ্যমে বিএনপি ও জামায়াত একই কাতারে এসেছে।